স্বচ্ছতার সঙ্গে
স্বচ্ছতার খাতিরে,
ব্যবহার করি সাদা রঙের সরল প্রলেপ,
সবজায়গায়,জামায়, চাদরে,বালিশের ঢাকনায়,
ঘরের দেওয়ালে,বাহারি আয়নায়।
সময়ের সাথে সাথে জমে ময়লা,
স্তুপাকৃত বাসি কাপড়ের ভীড়ে,
খুঁড়তে থাকি লুকানো স্বচ্ছতা,
কখনো মেলে, কখনো মেলে না।
নোংরা দাগগুলো মিলিয়ে যায় না,
ওরা যে স্থায়ী,
শপথ নিয়েছিলাম স্বচ্ছতা রক্ষা করব,
নিজে হাতেই জলে ভাসিয়ে আসলাম,
স্বচ্ছতার মিথ্যা মুখোশ!
কপালে
ছুঁয়ে দিলে কপাল
আমি অবশ হয়ে যাই,
বন্ধ চোখের পলকেরা
উড়তে শুরু করে।
জলঝাজরির ফুটোগুলোয়
আটকে থাকে স্বপ্নেরা,
কপালে আমার লাল কুমকুম
শুধুই ছোঁয়ার অপেক্ষায়।
শোন রে শালিখ
দুটো শালিখের
দাম্পত্যের প্রেক্ষাপটে,
বুনেছিলাম মায়া সংসার।
শালিখ দুটো কাল চলে গেছে
আমি একা,ফাঁকা গাছতলায়।
আমার অসমাপ্ত কাহিনী
রাস্তার ধুলোয় লুটোপুটি খাচ্ছে।
ছবিগুলো যেমন আছে থাক না
গ্যালারি ভর্তি নানান ছবি,
বেশীর ভাগটাই মেকি,
কিছুটা খুশী,কিছুটা সুখী,
পোস্ট হবার অপেক্ষায়।
মনটা ভালো নেই একদম,
একটাই কথা দেওয়াল জুড়ে,
"বিচার চাই,বিচার,এক্ষুনি,
দখল করো রাত,ভেঙ্গে দাও কালো হাত "।
তাই ছবিগুলো থাক যেমন আছে,
আগে সুবিচার পাক তিলোত্তমা,
মনটা ভালো নেই তবুও,
ও যে আর কোনদিন হাসবে না!
অ-আয়োজন
আবছা অবয়বে অনবরত অনেক অভিযোগ,
অক্ষুন্ন অবস্থান,অশেষ অশ্রু,
অহেতুক অক্ষরবিন্যাসে অথৈ আনন্দ,
অর্থের অকালমৃত্যু, অবিশ্বাস্য অবলোকন।
অবলীলায় আলটপকা আলোচনা,
অবিরাম অমীমাংসিত অধিকার,
অসহযোগিতা অবশ্যই অসহনীয়,
অদ্ভুত অদৃশ্য অগ্নিসংযোগ!

0 Comments