‘‘কবর কি ব্যক্তিগত ডাস্টবিন’ সম্পর্কে কবির অভিব্যক্তি
‘কবর কি ব্যক্তিগত ডাস্টবিন’ আমার রচিত ষষ্ঠ কবিতাবই। ৫৬টি কবিতা দিয়ে বইটি সব ধরনের পাঠকের জন্য সাজানো হয়েছে। বইটি ঠিক যেন ইলিশ মাছ। ইলিশ যেমন যেদিক থেকেই খাই না কেন ভিন্ন ভিন্ন স্বাদ দেয়, বইটির সবগুলো কবিতা থেকে তেমনি আলাদা আলাদা স্বাদ পাবেন পাঠক। বইটি সুস্বাদু করার সব ধরনের প্রয়াসই করা হয়েছে। আশা করি প্রতিটা কবিতা পাঠককে ভিন্ন ভিন্ন ভালো লাগা দেবে।
পাঁচটি কবিতা
ভুল দরজায় ঢুকে আছি
❑
যেন ভুল করে সদর দরজাটা উল্টা সেট করে ফেলেছি
দরজার যে দিকটা বাইরে থাকার কথা ছিল সেটা এখন ভেতরে, ভেতরেরটা বাইরে
এখন আমাকে ঘরের ভেতর থেকে নক করতে হয়—
দরজা খুলে দেয় বাইরের কেউ না কেউ
আমার ঘরে যেন পৃথিবীর সবাই থাকে, কেবল আমি থাকি বাইরে
পৃথিবীর অভাবে আমার দম বন্ধ হয়ে গেছে
❑
কেউ মারা গেলে
পৃথিবী ছেড়ে চলে যায়
আর আমি এমনি মৃত—
আমাকে ছেড়ে পৃথিবী চলে গেছে
হারিয়ে গেছে কোথায় যেন
তবুও সৌরবিদ্যুৎ থেকে চার্জ করে—
সূর্যের আলো নিয়ে বেরিয়ে পড়ি পৃথিবীর খোঁজে
ঢুকে পড়ি পুরোনো এক জঙ্গলে
যেখানে সূর্যের আলো ফেলতেই
শৈশবে হারানো আমার স্ফটিকের মার্বেল
পৃথিবী হয়ে ওঠে
পারিবারিক কবরস্থান
❑
উত্তরাধিকার রীতিতেই দাদার পুরোনো কবরের ওপর বাবাকে কবর দেওয়া হয়েছে
বাবার পুরোনো কবরের ওপর নাকি আমাকে কবর দেওয়া হবে
তবে বলে দিয়েছি— আমার কবর যেন একটু বেশিই খোঁড়া হয়; যে পর্যন্ত দাদা শুয়ে আছেন
ছোটকালে বরাবরই যে বাবাকে ছেড়ে আমি ঘুমাতে চলে গেছি দাদার বিছানাতে
পৃথিবীতে তবুও খেলা হচ্ছে
❑
বেদে কোনো পেশাদার খেলোয়াড় নয়, তবুও পেটের দায়ে একটি মাঠ খুঁজেছিল—
যেখানে খেলা হয়, মানুষের ভিড় হয়
অথচ কোথাও খেলার মাঠ নেই— মানুষও আজকাল খেলছে খেলা মানুষের ওপর
আসলে সাপের খেলা দেখাতে এসেছিল বেদে, মানুষের খেলা দেখে নৌকায় ফিরে গেছে!
মাছের জীবন ও পরিবার
❑
ঢেউ নিয়ে জলশ্রুতি আছে— এসব নাকি নৌদুর্ঘটনায় নিহত একেকটি মাছের কবর
তবে নাবিকমাত্র জানেন—
ট্রলার কিংবা জাহাজের সাথে দুর্ঘটনায় কোনো মাছ মারা গেলে—
নৌপথে সাথে সাথে একটি ঢেউ জন্মে
যেভাবে দুর্ঘটনায় আমার ছেলে মারা যাওয়ার পর, বাড়ির সামনের সড়কে একটি স্পিড ব্রেকার জন্মেছিল
কবির হোসেন এর ষষ্ঠ কবিতাবই
বই: কবর কি ব্যক্তিগত ডাস্টবিন
ধরন: কবিতা
প্রকাশন: চন্দ্রবিন্দু প্রকাশন
বইমেলা স্টল নং- ৫০৮-৫০৯
প্রচ্ছদ: আল নোমান
মুদ্রিত মূল্য ২৬০ টাকা
ছাড় মূল্য ১৮০ টাকা


0 Comments