'কে তুমি দূরের সাথী
এলে ফুল ঝরার বেলায়।
বিদায়ের বংশী বাজে
ভাঙা মোর প্রাণের মেলায়।।'
কাজী নজরুল ইসলামের 'কে তুমি দূরের সাথী' কবিতার পঙক্তির মতো এক দূরের সাথী এসে আমার মন জুড়ে বসেছিল। তাকে দেখেই হৃদয়ের গহিনে বেজেছিল সেতার। তার আগেও বহুবার বহু জন প্রেমের ডালা সাজিয়ে নিয়ে এলেও আমার ভেতরে নাড়া দেয়নি। কিন্তু সেদিনই আমি উপলব্ধি করেছিলাম এক অদৃশ্য অনুভূতির - বুঝেছিলাম একেই বলে প্রথম প্রেম। প্রথম প্রেমে না থাকতে পারে কোনো প্রতিশ্রুতি, না হতে পারে দ্বিতীয় বার দেখা, মনের ভাব বিনিময় থাকতে পারে অব্যক্ত। তবু প্রথম প্রেম এমনই এক আবেগ যা আজীবন স্মৃতিতে রয়ে যায়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। হাতে অফুরন্ত সময়। হেলে-দুলে কেটে যাচ্ছে এক একটা দিন। কিন্তু দিনগুলো বড্ড নিস্তরঙ্গ, একঘেয়ে। বই পড়ি, গান শুনি, রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে চিঠি লিখি আর করি নতুন নতুন রান্নার পরীক্ষা-নিরিক্ষা। তবু যেন গড়ায় না বহমান সময়। একদিন বাবা-মায়ের মুখে শুনলাম আমরা কলকাতা যাচ্ছি। আসলে আমাদের এলাকায় কলকাতা বলতে ভারতবর্ষকেই বোঝানো হতো। ভেবেছিলাম কলকাতা যাচ্ছি মানে মাসির বাড়িতে যাচ্ছি কারণ ছোট থেকেই বছরে এক বার আমরা মাসি বাড়ি যেতাম। কিন্তু এবার জানলাম শুধু মাসি বাড়ি নয়, আমরা যাচ্ছি আমার মায়ের মামাবাড়ি বিহারের জামশেদপুর।
জামশেদপুরের টাটানগর। টাটা কোম্পানির নাম কতই তো শুনেছি কিন্তু সেখানে যে আমার মায়ের মামাবাড়ি তা জানা ছিল না। আরো জানতাম না সেই টাটা কোম্পানিতেই আমার মায়ের মামাতো ভাইয়েরা চাকরি করেন। আমার ভেতরে তখন তুমুল উত্তেজনা। বাবার মুখে শুনলাম টাটানগর পাহাড়ের উপর গড়ে ওঠা এক শহর। আমি তখনো পাহাড় দেখিনি। কিন্তু পাহাড় কেন জানি ছোট থেকেই আমাকে খুব টানে।
হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম। গন্তব্য জামশেদপুর। নির্ধারিত আসনে সবাই বসে পড়লাম। আমাদের দল বেশ ভারি। বাবা-মা, বোন, বৌদি আর আমি। আমাদের সিটের পাশে একটি সিট ফাঁকা। কয়েক মিনিট পরেই সেই সিটে এসে বসলো এক তরুণ। টকটকে ফর্সা, স্মার্ট, হিন্দি এবং ইংরেজিতে সড়গড় ছেলেটির চোখে চোখ পড়লো। আলাপে আলাপে বোঝা গেল বাংলাও বেশ জানে। আস্তে আস্তে আমাদের সঙ্গে জমে উঠলো কথোপকথন। সে তখন কলকাতায় পড়াশোনা করে। ছুটিতে নিজের বাড়ি ধানবাদ যাচ্ছে। আলাপের সঙ্গে খাওয়া-দাওয়াও এগুলো। আমরা পুরো পরিবার টিফিন বাক্সভর্তি খাবার নিয়ে গেছি, তাকেও ভাগ দেওয়া হলো। এটা-সেটা নানা আলাপের মাঝে তার চোখ বারবার পড়েছিল আমার চোখে। সেই চোখে ছিল না বলা ভাষা। আমার বুকের মধ্যে কেমন যেন হাতুড়ি পেটানোর শব্দ পেলাম। এটাই কি তবে প্রথম প্রেমের অনুভূতি। কেবলই মনে হচ্ছিল এই পথচলা যেন আর শেষ না হয়। আমি তার সঙ্গে অনন্ত পথ পাড়ি দিতে চাই। কিন্তু মনের ভেতরের সুপ্ত ইচ্ছাগুলো বাস্তবতার কাছে হার মানে। আমাদের নামবার স্টেশন এসে পড়ে। ছেলেটি আমাদের ব্যাগপত্র নামাতে সাহায্য করে। তখন ছিল না মোবাইল ফোন। সব কথা বলা হতো চিঠিতে। খুব ইচ্ছা করছিল ঠিকানা বিনিময় করি। কিন্তু সবার সামনে বলা হয়ে উঠলো না। হয়তোবা তারও ইচ্ছা ছিল কিন্তু পারেনি বলতে।
এত বছর পর তার নামটা কিছুতেই মনে করতে পারলাম না। কিন্তু সেদিনের ট্রেন জার্নি আমার স্মৃতিতে এখনো জ্বলজ্বল করে। আর অনুভূতিতে নাড়া দেয় প্রথম প্রেমের সেই আবেগ। জানিনা এখন সে কোথায় আছে, কেমন আছে... হয়তোবা সুখি বিবাহিত জীবনে সে দুই সন্তানের গর্বিত পিতা। আমিও আমার জীবন নিজের মতো সাজিয়ে নিয়েছি। কিন্তু মনের এক কোণে কোথাও যেন রয়ে গেছে আমার সেই প্রথম প্রেম।
'সেদিনো প্রভাতে মোর
বেজেছে আশাবরী,
পূরবীর কান্না শুনি
আজি মোর শূন্য ভরি।'

0 Comments