নিজস্ব প্রতিবেদক
সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ প্রবর্তিত ‘স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক সুমন বনিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সুমন বনিককে এ বছরের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ আয়োজিত সাহিত্য উৎসব ২০২৬। উৎসবের প্রথম দিন ১১ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই গুণী সাহিত্যকর্মীর হাতে ‘স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে।
সমকালীন বাংলা কথাসাহিত্যে আকমল হোসেন নিপু দীর্ঘদিন নিজস্ব ভাষা ও বয়ানে কাজ করে চলেছেন। কথাসাহিত্যে তিনি ব্যক্তি ও সমাজের বহুমাত্রিক জীবন, মানুষের অন্তর্গত সংকট এবং সময়ের বাস্তবতা বিশেষভাবে উঠে আসে।
অন্যদিকে লিটল ম্যাগাজিন সম্পাদনা বিভাগে পুরস্কার পাচ্ছেন ‘অগ্নিশিখা’র সম্পাদক ও কবি সুমন বনিক । দীর্ঘদিন ধরে ছোটকাগজ সম্পাদনা এবং বিকল্প সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত তিনি।
বাংলাদেশের সাহিত্যচর্চায় লিটল ম্যাগাজিন দীর্ঘদিন ধরে নতুন চিন্তা, নিরীক্ষাধর্মী সাহিত্য এবং নতুন লেখকদের বিকাশের ক্ষেত্র তৈরি করে আসছে। মূলধারার সাহিত্যপ্রকাশনার বাইরে বিকল্প ও স্বাধীন সাহিত্যচর্চার এই ধারায় ‘অগ্নিশিখা’ এবং এর সম্পাদক সুমন বনিকের ভূমিকা উল্লেখযোগ্য।
‘অগ্নিশিখা’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৭ সালে। ছোটকাগজ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সুমন বনিক এর আগেও 'বগুড়া লেখকচক্র পুরস্কার ২০২৩' লাভ করেন।
এ বছরের স্বনন সাহিত্য পুরস্কারে কথাসাহিত্য ও লিটল ম্যাগাজিন সম্পাদনা—বাংলা সাহিত্যচর্চার দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে সম্মানিত করা হচ্ছে। আকমল হোসেন নিপু ও সুমন বনিকের এই প্রাপ্তি তাঁদের দীর্ঘদিনের সাহিত্যসাধনা ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দুই দিনব্যাপী স্বনন সাহিত্য উৎসবকে ঘিরে মৌলভীবাজারের সাহিত্যাঙ্গনেও ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সাহিত্যপ্রেমী, লেখক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবটি বাংলা সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

0 Comments