কালি ও কলম পুরস্কার ২০২৫ পেলেন চার তরুণ

 

Four young individuals receive the Kali O Kalam Award 2025.


নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন চার তরুণ কবি ও লেখক। সাহিত্যের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতা বিভাগে রনক জামান, কথাসাহিত্য বিভাগে হামিম কামাল, প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম এবং শিশুসাহিত্য বিভাগে রবিউল কমল। 

আজ (শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম-এর সম্পাদক সুব্রত বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। এবারের চার পুরস্কারপ্রাপ্ত তরুণ লেখকের অর্জন বাংলা সাহিত্যের নবীন প্রজন্মের সৃজনশীল চর্চাকে আরও উৎসাহিত করবে বলে সাহিত্যাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন।

এবারের আয়োজনের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধির মুক্তির আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত সংগঠন ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপনের প্রসঙ্গও। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন সভায় গীত কিছু গান পরিবেশন করেন শিল্পী প্রিয়াংকা গোপ।

উল্লেখ্য, তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহিত ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। বাংলাদেশের তরুণ লেখকদের জন্য এটি অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচিত।

২০২৫ সালের পুরস্কারের জন্য কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধ ও বিপ্লব এবং শিশু-কিশোর সাহিত্য—এই পাঁচটি বিভাগে বই আহ্বান করা হয়েছিল। পুরস্কারের জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশি লেখকদের মৌলিক গ্রন্থ বিবেচনা করা হয়। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। এই পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

Post a Comment

0 Comments