জলের অর্কেস্ট্রা
জলের অর্কেস্ট্রা নিঃসঙ্গ জীবনতারা
জ্বলে মিটিমিটি
আমি চেয়ে দেখি দূরের বল্কলে
ঝুলে আছে স্বপ্নরঙ্গিন ঝালর
দুচোখে কেবলি সীমানা ছাড়িয়ে
যাবার অভীস্পা
দূরের সমুদ্রে একদিন ছিলে নিজ কল্লোলে
ঘোমটা সরিয়ে আশার আলোতে
উজ্জ্বল হয় দিগন্ত
আসে ঝড় এবং শঙ্কাহীন দ্যোতি
বিষণ্ণ বিকেল হাত কচলায়
অতি দূর কোন্ প্রান্তরে যাবার
তোমার রয়েছে তাড়না
জলস্রোত জানে না
কেনো-ই-বা বয়ে চলা নিরন্তর
সাগরের পাড়ে দাঁড়ানো জীবন
একা, বড় একা উদ্বেগী
নির্জনে গহীন গোপন ইশারা করে সমুদ্র
ও লো সাথী ধরো হাত
জলে জলে পাড়ি দেবো
বিপুল বিস্তারি জলের অর্কেস্ট্রায়।
তাঁর কথা মনে পড়ে
(কবি অরুন চক্রবর্তীর স্মৃতি স্মরণে রেখে)
মুরারিচাঁদের সবচেয়ে উঁচু চূঁড়ায় চাঁদ উঠে
চোখের আদলে নীলাভ মেঘের ফাঁকে
তাঁর কথা মনে পড়ে।
সাগর পারের তুমুল গর্জন শেষে
শান্ত বিকেলের নরম আভার সখ্য হলে
তাঁর কথা মনে পড়ে।
ভোরের স্নিগ্ধতা আর পাখিদের কাকলিতে
পবিত্র আমেজে হাওয়ার সাথে কথা বললে
তাঁর কথা মনে পড়ে।
মিষ্টি সুরের মূর্চ্ছনায় মন বিভোর হলেই আশা
জাগানিয়া গানে স্বপ্নের তানপুরা বাজলে
তাঁর কথা মনে পড়ে।
তোমার ভুবনে তুমি মহারাজ
শান্তি পারাবারে ঘুমাও পরমের আশ্রয়ে।
ও ফুল ও পাখি
মুরারিচাঁদের আকাশে চাঁদ হাসে
ভেতরে রোদের সংকীর্তন শেষে
আনমনে খেলা করে শুক-সারি দল।
বুকের ভেতর উদ্দাম বাড়ে হায়,
বুকের ভেতর বাড়ে কান্নাও
রোদবৃষ্টির মতো জীবনের মাঠ যেনো
ভিজছে অশ্রুতে।
হাওয়ার সাথে কিছু কথা বলি আর হাসি
বামপাশে পুকুরে পদ্মফুল
ওপাঝখঝফুলের বাগানে কুড়াই পাখিগান
ভোরের বাতাস ছেনে বের করি
বাঁচার রসদ
প্রাণের বিশুদ্ধ আবেগে চলে এসো সই।
ও ফুল ও পাখি একবার তবে যাও
নিধুয়া বনের গহীন কোঠরে
সে আছে গোপনে। তার কাছে পৌঁছে
যাক্ আনন্দের বার্তা।
ও ফুল ও পাখি সংকীর্তন চালাও
অহর্নিশ চলে সুন্দরের রথ।
আলো
বাইরে পূর্ণিমা ভেতরে আলোর স্রোত
জীবনজল পুণ্যতায় আকীর্ণ
সমুদ্রকল্লোল করোটিতে
অভাজন মাগে ভালোবাসা
প্রসন্ন আলোয় ভ্রমণশেষে
লগ্নে পড়ে টান
শোভনরশ্মিতে রঙের ছোঁয়া।
ঠিকানা ভুলে গেছি
কোথায় যে যাই ঠিকানা নাই
বেমালুম ভুলে গেছি
নাম ঠিকানার তথ্য
বিপুল বিস্তারি সীমানা ছাড়িয়ে এসে পড়লাম গ্রামে- প্রাণভোমরার গানে
আকুল হলেই বের হই একা আবারো,
'নাদের আলী'কে খুঁজতে খুঁজতে
পেয়ে যাই সেই পুরনো বন্ধু সিরাই
যে এখন ক্ষেতের আলে জীবন ঘষে
চোখেমুখে লেপ্টে আছে
'তিনপ্রহরের' দুঃখ
জলেওর বিলে দেখি
'পদ্মফুলের মাথায়' আসন পাতা সূর্যের,
পথ আর বাড়ে না
ঠিকানা খুঁজতে খুঁজতে
আবার পথেই ছুটতে থাকি...।

0 Comments