বিশেষ প্রতিনিধি:
"কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’। জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার এই দ্বিতীয় বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ৯টায় জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই সাহিত্য উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বরেণ্য কবি, লেখক ও সাহিত্যিক উপস্থিত থাকবেন। পাশাপাশি উৎসবে জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক সোহাগ সাদেক জানিয়েছেন, সাহিত্যচর্চার মধ্য দিয়ে গণমানুষের অধিকার ও চেতনার কথা পৌঁছে দেওয়া এবং নবীন-প্রবীণ সাহিত্যিকদের সেতু মেলবন্ধন গড়ে তোলাই এই উৎসবের মূল লক্ষ্য।
বগুড়া সাহিত্য উৎসবের আহবায়ক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি কালাম আজাদ এবং সদস্য সচীব কবি এইচ আলিম জানিয়েছেন_ শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানজুড়ে থাকবে উদ্বোধনী অধিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, গান এবং মুক্ত আলোচনা।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সাহিত্যিক মিলনমেলায় সকল কবি, সাহিত্যিক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

0 Comments