কাজী শোয়েব শাবাব এর কবিতা ‘প্রকৃতি ও পুরুষের গান’

Kazi Shoaib Shabaab's Poem 'prokriti o purusher gan'



প্রকৃতি ও পুরুষের গান


অরুণিমা, আর নয় মোহমায়া ঘোর
দীর্ঘ সময় ধরে রয়েছি বিভোর
সময় যা ছিল হাতে
চুরি হয়ে গেছে রাতে
একে একে সব কটা প্রেমের প্রহর
চেয়ে দেখো, চেয়ে দেখো, নেমে গেছে ভোর!

চললাম আমি তবে সময় ফেরাতে
মহাবিশ্বের কোনো গোপন ডেরাতে
হয়তোবা পেয়ে যাব
নয়তো সব হারাব
কে চায় বলো শুভক্ষণ হারাতে?
ছেড়ে দাও প্রিয়, আর বেঁধো না কথাতে!

না, যেয়ো না কোথাও এই সংকটকালে
শান্ত শিশুর মতো ঘুমাও এ কোলে
হয়ো না ব্যাকুল প্রিয়
ওসবের চেয়ে শ্রেয়
সময় লুকিয়ে, দেখো চোখের কাজলে
তাকাও না একবার চোখ দুটো তুলে!

চাই না যুদ্ধ আর চাই না রক্ত
যেয়ো না, যেয়ো না, ওই পথ অভিশপ্ত 
দেখি শিয়রের পাশে 
একবুক ভালোবেসে
তুমিই তো আছ বসে আমার ভক্ত
এসো এসো, হয়ে যাও আমাতে মত্ত!

চেয়ে তো দেখো আমায় আমার পুরুষ 
আমিই তো কাঙ্ক্ষিত প্রেমের পরশ
বহুদূর হেঁটে এসে
বহু জনস্রোতে মিশে
অবশেষে তুমি বড় একলা মানুষ
ভেবে দেখো একবার আমার পুরুষ।

সব হারিয়ে ভাবছ পালাবে কোথায়
ভয় নেই, এসো বসো আমার ছায়ায়
ডরি না ওদের দেখে,
পরোয়া করি না পাপে,
আমার জীবন সঁপে বাঁচাব তোমায়
অভয়রাজ্য ছেড়ে চললে কোথায়?

Post a Comment

0 Comments