যতন কুমার দেবনাথ এর কবিতা

Poetry by Jatan Kumar Debnath



ঘোড়দৌড় 


খেল খতম আতংক। থমথমে ডোরাকাটা 
দূর থেকে উড়ে আসা উজ্জ্বল দুপুর 
দাই পিঁপড়ের গৃহ অতিথি 

বালির বাঁধে ফাঁদ পেতেছে লিলিপুট শিশুরা 

উড়ো ধান গুঁড়ো মরিচ। পাতানো মঞ্চে তাতানো গান
হাট্টিমাটিম টিম ... 

দুঃখের দুমুখো পাঁঠা হিংসার গাঢ় নির্যাস 
ইচ্ছে-দাবাড় লুকোচুরি নিশ্বাসে ফোঁসফাঁস ঘোড়দৌড়। 




মায়া-চাবি 

স্মৃতির চামুচে নাড়ি আড়িপাতা হাঁড়ি ভরা দৈ 
হৈহৈ হাত খুলে পড়ে যাওয়া ছাতা মেলে ঠেলে দেই
সুখ-সুতো । পেলে হাল বাতাসের হরি বলে
দুলে ওঠা দাবানলে থাবা দেয়া ডুবুরির হাত
বোঁটা ছেঁড়া পোঁটা মুছে পাতার মুকুটে মুখ গুঁজে 
মায়া-চাবি ছায়া হয়ে বাধা দেয় সাদা মনে 
                                       বিকেলের ভাবী। 




ঝড়

বাঁকা আল সোজা করতে ঝড়কে ডাকি
ঝটিকা সফরে 

খুচরো কথার খুনোখুনি 
খানদানি বংশ বলে কথা 

বেঁটে খাটো বকুলের ভাঁজ করা মারমুখী 
লম্বা হাত
হাই হ্যালো বোঝে না 

বড় কথার মরদেহ পোস্টমর্টেম ছাড়াই 
দাফন হলে 

উটকো ঝড়ে ভেঙে পড়ে সুদৃশ্য দরবার হল। 




আগে নিজে 

ময়দা-সানা-ছেনে কাদার ভিতর পুঁতে দিলাম 
আদার বীজ 

তন্নতন্ন করে খুঁজেও পেলাম না কাউকে 
গোপন কথা বলা যায়

গরুর হাটে গাধা কেনা ! সাদা মনে যতই ভাবুন 
আগে তো নিজে ! তারপর যাকে ইচ্ছা ... 



কাকের কাকা

চুলো-মুখে লালসালু । ধান পাতানে 

                                  পত্র মতালি 

দুপুর বাজে নূপুর হয়ে টাপুরটুপুর বৃষ্টি 
কুকুরের বাঁকা লেজ --

                 হাতপাখা 

কম্বল কাঁধে ভোম্বল দাশ বড়ার সাথে ছড়া বেচে
নতুন হাটে। মুসতাফা আনসারী --

                         কাকের কাকা । 

Post a Comment

0 Comments