পিরিত প্রতিদিন
তোমাকে কাছে পাবার সময় অসময় নাই।
গোলক ধাঁধায় ঘুরে এসেও তুমি, সেই তুমিই!
সূত্রের ধারেকাছেও থাকে না দোয়েল, ময়না...
ও টিয়া―
হাসতে পারে যখন-তখন!
বিকেল এখনো ঘোর আনে প্রেম জীবিত থাকলে,
নাচতে নাচতে ছুঁটে মুগ্ধতা।
মুগ্ধতার আদ্যোপান্ত লিখে প্রকাশ করে না কেউ!
পারেই না।
১টা স্বার্থপর লেবুগাছ; পাশেই সম্পর্ক
তিতা বেশি চিপলে লেবু হয়ে যায়!
আথিতেয়তার স্বাদ নষ্ট হবে এমন ১টা সময়ে
‘পান্তাভাত আর ঘি প্রসঙ্গ’ ঢেলে দেয়া হলো।
সকাল সকাল―
বই-পুস্তক লেবুগাছের পাশেই,
মাদুরে বসে পড়তাছে আর ঝিমাচ্ছে!
রংপেন্সিল একবার ডানে, একবার বামে দৌড়
তারপর, তারপর?
১টা স্বার্থপর লেবু গাছের পাশে দাঁড়িয়ে,
১টা নিন্দুক আপেল পঁচে গেলো!
বাহ
রংপেন্সিল আগের মতো রং লাগাতে পারছে না সম্পর্কে!
দেড় বছরের প্রেমের সম্পর্ক ভাঙার পর
সাধ তোমার সাধ্যের কি খবর?
দ্রব্য কি তোমারে ঠিকঠাক মূল্য দেয়!
ভ্যালেন্টাইনস ট্যুর
মনখারাপ পাখিটা―
উড়ে যাচ্ছে―বৃষ্টি নামলো কই?
এলোমেলো বৃষ্টি বছরজুড়েই;
সেজেগুজে আসে বিশেষ দিনে।
বরাবর—বৃক্ষ ও প্রেম
ঘুরে ফিরে—যেখানে একাকার
ছায়া, রোদ্দুর জানে!
ঘামের কাছে; বাড়ির পাশে
যে ছিলো, আছে—থাকছে।
কৃষিকাজ জানি না এখনো—
শেখার পরিকল্পনায় ধৈর্য!
রাখাল বাঁশি বাজাও
আনন্দ আমাদের খুব
কাছাকাছি—বিশ্রাম প্রসঙ্গে,
প্রতিদিন তোমার আমার—
***
সুমন সাহা
জন্মঃ ১ মার্চ ১৯৮৪ সালে, শেরপুর জেলার নকলা উপজেলায়।
পেশাঃ শিক্ষকতা।
প্রকাশিত ১ম কবিতা পুস্তকঃ প্রযত্নে―হাই স্কুল রোড (২০১৯)

0 Comments