মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া’র কবিতা

Manideepa Biswas Keertania's poem



মিঠাপানির ভোর


১.
বেড়াতে যাবার দিনে হেসে উঠিস আগের মতোই
ছবিতে ছায়া পড়ে হাসির
মিঠাপানির ভোর যেন মনে পড়ে গেছে
পাতানের মাঠ চিরে গান উঠে যেত পূবে
খেজুর রসের ঠিলে হাতে শীত নেমে আসত
আর বসে যেত নয়ন ফুফুর চাদরে
তাজা মিষ্টি বাতাসে ভরে যেত সিনা
গোল বাটির মত আকাশ ও নীল ধুতুরা!


২.
প্রতিটি ভ্রমণই আলাদা কাহিনি
শুরু থেকে শেষ অবধি ভিন্ন জীবন
ঘরে ফিরে এলে যা মরে যায় প্রত্যেকবার
ফোটোগ্রাফ সোজা তাকায়
ভুট্টাদানার মত ঝকমকে দাঁত
ছিঁড়ে আনে ছবি ও আকাশ
কাচখন্ড ঢেকে রাখে কাগজের হাড়
ধুলোবালি মাকড়সা জাল
ঢেকে দেয় অর্ধসত্য..বিপন্ন হাসির আড়াল


৩.
শাদা বিছানায় দুজনেই
আলাদা আলাদা খাটে শুয়ে পড়লি যেই
উঁকি দিয়ে দেখি দুজনের চোখেই
ফাঁকা আর গভীর রাস্তা
ঘুরে বেড়াবার স্বপ্ন বিছিয়ে আছে
তটভূমি ধরে যেভাবে বালি ঘুরে ওঠে হাওয়ায়
জলের নিঃশ্বাস শান্ত উটের দিকে যেতে চায়
বরফঝড় সরাইয়ের রাস্তা হারানো রাত
বরাবর খুঁজেছি সবাই
শুধু তোরা জানতিস সব ভ্রমণই
ফেরার টিকিটে বাঁধা
অরণ্য সোনাবেলা নীল ঝাউবন
অর্ধেক গানের মতো বেখাপ্পা
ভিন্ন এক সম্পূর্ণ জীবন...!




মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া  

Post a Comment

0 Comments