গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সমধারা সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। সমধারা সাহিত্য পুরস্কার-২০২৪ পাচ্ছেন তিন গুণী ব্যক্তি।এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন– কথাসাহিত্যে সাংবাদিক ও লেখক বিশ্বজিৎ চৌধুরী, কবিতায় কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং শিশুসাহিত্যে প্রচ্ছ্বদশিল্পী ধ্রুব এষ। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানী ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে দশম সমধারা কবিতা উৎসবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমদ, প্রধান আলোচক থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কবি হেলাল হাফিজ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, লেখক ও সংগঠন ড. মো. আরিফুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ মুরাদ আহমেদ মণি আকন্দ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
উৎসবের আয়োজক সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন জানান, এবারের কবিতা উৎসবে দুই বাংলা থেকে ২০০ অগ্রজ-অনুজ কবি অংশ নেবেন। কবি হেলাল হাফিজের কবিতা অবলম্বনে ‘প্রিয় রাজকুমার কথন’ শিরোনামে একটি আবৃত্তি পরিবেশনা থাকবে। এছাড়া নির্বাচিত কবিদের কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে ‘পদাবলীর যাত্রা’ শিরোনামে দশম কবিতা সংকলন। উৎসব সূচিতে আরও থাকছে, নির্বাচিত ১০০ কবিকে নিয়ে বিশেষ আয়োজন এবং কবিকণ্ঠে কবিতাপাঠ।

0 Comments