প্রজাপতি প্রেম
তোমার শরীরে জমেছে শিশির
টের পাই আমি।
তুমি তো শরীর আঁকতে পারো,
আমি কখনও চেষ্টা করিনি
একটা প্রজাপতি শরীর আঁকবার।
শোকহীন পৃথিবীতে
মানুষ ভুলে গেছে মানুষকে।
ঠিক তখনই
প্রতিদিন ভোরবেলা মায়ের কবরে
একটা প্রজাপতি এসে বসে।
তোমার বাড়ির পথ
তোমার বাড়ির পথ কতদূর ?
অলকানন্দা!
একদিন চলে যাবো
হেমন্তের পথ ধরে
হেঁটে হেঁটে...
তোমার কাছে।
তুমুল এক সন্ধ্যাবেলায়
সমস্ত অভিমান ভুলে
আমরা দাঁড়াবো
মুখোমুখি...
বসন্তের পরাগ মেখে–
কেমন আমি সুস্থ হয়ে উঠেছি দেখো!
পরমায়ুহীন
সন্ধ্যামুখী মেয়েটা
সারাটা সন্ধ্যা বসে থাকে পদ্মার জল ছুঁয়ে
জলের ভেতর বুক পেতে শুয়ে আছে মাছ
মেয়েটা বসে বসে আঁকতে চায়
মাছের অক্ষর...
সন্ধ্যামুখী মেয়েটার পাশে বসে দেখলাম
মাছের অক্ষর পরমায়ুহীন
জল থেকে ডাঙায় এলেই
এরা মুছে যায়।

0 Comments