নীলাকাশ কাশফুল এবং বউছি
চোখ বন্ধ করে দেখি আকাশের সৌন্দর্য
জমিনে কাশফুলের
সারিবদ্ধ কুচকাওয়াজ
শুভ্রতার ভিতর ফিরে যাই
কৈশোর ক্যালেন্ডারে
বিকেলের ঘামে ভেজা
শিরশিরে স্মৃতি
একটা আকাশ নেমে এসে
মিশে যায়
বউছি খেলার দুবেণী
ফিতেয় করতোয়া পাড়ে
ধূলোমাঠে একজোড়া কাজল
চোখ কাকে যেন খোঁজে
অনুভূতির দুয়ারে কড়া
নাড়ে বিদ্যুৎ
গোলাপি বিকেল পাখি হয়ে
ওড়ে হৃদয় আকাশে
শরতে বর্ষার জোয়ারে
জেগে ওঠে নদী
ঢেউয়ে ঢেউয়ে শীতল পরশ বুলিয়ে
দেয় অন্তরে
শরতের বিকেল ঝুপ করে
সন্ধ্যা ডেকে আনে
অন্ধকারে কাশফুলেরা
সাদা হাতির শিং হয়ে
জ্যোৎস্নায় ভিজে
অপেক্ষা করে সকালের
প্রাতভ্রমণের আলিঙ্গনে
ঘাসের স্পর্শে প্রাণ জাগে
কাশফুল ডিঙিয়ে উঁকি
মারে লাল সূর্য
দিনের আলো সাইকেলে রওনা
দেয় পৃথিবী ভ্রমণে
সকালে জ্ঞানের মশাল
জ্বলে বিদ্যালয়ের কক্ষে
ক্লান্ত সূর্য পশ্চিমে
হেলান দিলে খেলার মাঠে
শিস বাজিয়ে হাজির হয়
অসংখ্য কৌতূহলী মন
অদৃশ্য আকর্ষণ টেনে নেয়
বারবার প্রতিবার
কাশফুল নাকি করতোয়া
পাড়ের বউছি খেলা...
০৭/০৯/২০২৩

0 Comments