সুশান্ত হালদার এর কবিতা

Poems by Sushant Halder

 

প্রচলিত যুদ্ধ 

__ কি ভাবছো?
__ জীবনের মানে! কতটা নির্লিপ্ততায় বেঁচে থাকা যায়?
__ সেতো বৈষম্য নাকি প্রেম?নারীর মন বোঝনি তাহলে?
__ ঘোড়ায় চড়া মানুষ আছড়েও পড়ে কিন্তু যুদ্ধে থাকা মানুষ, মরে নয়ত লড়ে!
__ শুনেছি পিতৃবিয়োগে অনেকেই বিজয় উল্লাস করে আবার সুবোধের মত অনেকে পালিয়েও গেছে সূর্য ডোবার দৃশ্য দেখে!
__ জারজ পিতৃহীন! মা বীরাঙ্গনা হলে সুবোধও ফিরে আসে,বেলা শেষে অধিকার বুঝে নিতে!
__ যদি প্রেমহীন মৃত্যু হয়?
__ সেটা নারীর কৃচ্ছ্রতা! আগুন ছাঁইচাপা হলে জ্বলার জন্য মুখিয়ে থাকে! যে বোঝে সে ত্রিকোণমিতিক জ্যা ধনুকে বক্ররেখায় ঝুলে থাকে আর যে বোঝে না সে লসাগুতেই যোগবিয়োগ অংক কষতে থাকে! 
__ তাহলে কি পঞ্চাশেও প্রেম নাকি যুদ্ধের বারতাই বেশি?
__ দেশ মা মাটি, এরা সবাই নারী! সৃষ্টি তো তোমারই হতে; তাই প্রচলিত যুদ্ধ-নারী সম্ভ্রম রক্ষার্থে! 




গোলাভর্তি বুকে পটাশের অগ্ন্যুদগার 

স্পিন বলে যতই ধাক্কা দাও
স্ট্যাম্প ভেঙে ফেলার দক্ষতা তোমার নাই 
ওহে মহারাজ 
আমি সেই ছেলে যে সাত পাকে ঘোরে সিত্রাং ঘুর্ণিঝড়ে 
জলের কুণ্ডলী পাকিয়ে যে বলে 
পৃথিবী ভেসে যাক মহা প্রলয়ে 
মানুষ গুলো খড়কুটোর মতো উড়ে যাক 
যতদিন তুমি আমি গৌতম সান্নিধ্য না বুঝি
ততদিন অস্ত্র তোমার
মাটিতে পড়ে থাকা মুণ্ডুবিহীন কপোত-কপোতী আমার 

মহারাজ
ফুট আর ইঞ্চির মাপে যতই তাক করো নিশানা তোমার 
আমি সেই ছেলে 
গোলাভর্তি বুকে পটাশের অগ্ন্যুদগার 
ঘৃণ্য মানুষ যদি না হও,বুকে আসো 
কুণ্ডলীকৃত আগুনে নতুন মানুষ 'বুদ্ধ' হই দু'জনেই! 



 

বারুদ ঠাঁসা স্টেনগান 

যদি ভালোবাসো 
নিষ্কলুষ যুদ্ধের মহড়ায় আমিও হবো তোমার 
যদি চুম্বন দাও
ঠোঁট বোঝে সাড়ে তিন'শ বার 
ছায়ানটের বারান্দায় দাঁড়িয়ে আমিও বলবো তোমায়
জীবন যদি তুচ্ছ হয় ক্ষণিক যুদ্ধ মহড়ায় 
মৃত্যুর কষাঘাতে
আমিও হবো রুদ্রনীলে বীর যোদ্ধা অভিমন্যু তোমার 

যদি চুম্বন দাও তপ্ত ঠোঁটে বারুদ ঠাঁসা স্টেনগান 
কিসের হিটলার,নেপোলিয়ন(?)
মাটির রন্ধ্রে রন্ধ্রে বুনে দেবো
মুক্তির বারতায় বাংলা মায়ের সাহসিকার অদম্য সন্তান! 

১১ডিসেম্বর,২০২২

Post a Comment

0 Comments