জুবায়ের দুখু'র চারটি কবিতা



হারাবো

আমার হারাবো এক হলুদ সন্ধ্যায়। 

যেখানে কিছু আলো 
যেখানে কিছু কালো 
মিলেমিশে হয়েছে এক দিনের মিলন পর্ব।

তারপর আমরা আরও হারাবো 
ধীরে ধীরে নক্ষত্রের ত্রিসীমায়, 
যেখানে খুব কাছ থেকে চাঁদ ছুঁয়ে দেখা যায়। 
জোছনা মাখা যায়, সারারাত। 





অপেক্ষালী 

দূর মাঠে গরু চড়াই আমি
                 তুমি চেয়ে থাকো পথ,
পথের বাঁকে যে নিমগাছ 
বহুদিন ধরে দাঁড়িয়ে—তাকে জিজ্ঞেস করো।
তুমি নতুন বউ;
অযথা আমার জন্য পথের বাঁকে দাঁড়িয়ে থেকো না।






ভাঙন 

গোয়ালঘর মৃত হয়ে যাবে 
শিউলি ফুলগাছ ভেসে যাবে জলে 
কী সর্বনাশা নদী.! ভাঙে আর ভাঙে,
মসজিদের গিলাফও ভাঙে।

              ভাঙে 
       ভাঙে 
ভাঙে, 
শুধু মানুষ নয়– 
চড়ুই পাখির খড়কুটোই গড়া বাসা ভাঙে।




বিরহ-পর্ব

মানুষ মরে গেলে, 
প্রেমিকার  বিরহ থাকে সাত মিনিট, 
ভাইয়ের বিরহ থাকে সাত দিন 
বোনের বিরহ  থাকে সাত মাস
বাবার  বিরহ থাকে  সাত বছর 
মায়ের বিরহ থাকে কেয়ামত পর্যন্ত। 


Post a Comment

1 Comments

  1. মুগ্ধপাঠ ।
    -সালিমুল

    ReplyDelete