রায়হান আজিজ এর কবিতা




প্রাপ্তি

চারিদিকে চেয়ে দেখি আর মুগ্ধ হই!
মানবজনম এক মহাসত্য বই ।
চলেছিতো ছুটে আমি জীবনের পথে,
জগতে কী পেয়েছি তা ভাবি বসে রথে ।
লিপিবদ্ধ করো যেটি পাওনি জীবনে ।
আমি হেসে বলি তারে মৃদু সম্ভাষণে,
প্রাপ্তিটা যে অপ্রাপ্তিরে করে অতিক্রম;
তুমি মোর অতি প্রিয় সখা যে পরম!




স্মৃতিসুধা

পুরোনো ঢাকার শেষের মাথার একতলা বাড়িখানি,
সন্দেহ নাই ফিরে পেতে চাই সেই পুকুর এর পানি;
যেই পুকুরে ফেলতাম ছুঁড়ে খেলনা পিরিচ ও কাপ ।
ছোটপিসি তাই রেগেমেগে কাই ! ফেললি কেনরে বাপ?
বড়পিসি বলে, ঠাট্টার ছলে, খেলনা পাবিনা আরতো;
আমি সিরিয়াস, হই নার্ভাস, প্রেশারটা বুঝি বাড়তো!
ওপাড়ার বুড়ি, প্রণতির চুড়ি ছুঁড়ে ফেলে দিলো জলে,
বুড়ি নেই আজ, হাতে কতো কাজ, সময় যে বয়ে চলে!





সুর

বসে গেছে মোর রথের চক্র, কৌন্তেয় যেন আমি!
তবু আশা বেঁধে বক্ষের মাঝে; জীবনযুদ্ধে নামি ।
শতেক ব্যথার পরেও আমি আনন্দগান গাই!
পথে যতো আসে বাধাবিপত্তি, দু'পায়ে দলে যাই ।
রিড চেপে ধরি হার্মোনিয়ামে, বাঁ হাতে করি বেলো;
ক্রান্তিকালে মনখানি মোর, ভরসা যে খুব পেলো!
যতো যাই হোক, ভয় করিনা, সাফল্য নয় দূর!
হেসে খেলে তাই, গান গেয়ে যাই, কণ্ঠে তুলি সুর ।





আনন্দযোগ

সেদিন গোধূলিলগ্নে কাবু হয়ে গেছি,
বিষম শিরঃপীড়ায় !
দাওয়াইখানাও বিশ্রামে ছিলো;
ঘুরে তাকাতেই দেখি,
পবনবেগে এগিয়ে আসছে আনন্দী!
মাথা ব্যথাটা উধাও!
খুঁজে নিয়েছি সুখের
পথ; দু'জনে মিলেই ।


--------------------------------------------------------------------------
পরিচিতিঃ
রায়হান আজিজ
জন্ম: ১৯৯২ সালে রাজধানীর পুরনো ঢাকায়।
শিক্ষা: তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতোকত্তর।

Post a Comment

0 Comments