ফেলে আসা পাণ্ডুলিপিতে যেমন লেখা ছিল বলে মনে হয়
এক.
ইন্ডোরগেমের ভেতরে হাততালি
কিন্তু ন্যাপথলিনের ভ্যাপসা বাতাস
হারিয়ে গিয়েও হারিয়ে যায় না যেসব
তাদের দিকে ফুল চন্দন
তাদের দিকে চৈত্র ময়ূরের পালক
গান ক্রমে সরু হয়ে আসছে, চিতার ল্যাজ
পকেট অভিধান থেকে খসে যাচ্ছে অক্ষর
দুই.
আদিম রেখার দিকে ফিরে তাকাও
একবার ঘসে নেওয়া ইরেজারের দিকে
বিলের পদ্ম চুরি গেলে প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া যায়
কিন্তু মেরুদণ্ড ক্ষয়ে গেলে!
আমাদের হাততালির মাঝে যতটা শূন্যতা
আশ্চর্য হাঁ এঁকে রাখলাম
তিন.
শব্দহীন হয়ে আসছে আমাদের সাঁতার
ডাঙায় লাফাতে থাকা মাগুর
কোথায় ছিপ আর কোথায় মণ্ড
শ্বাস হারিয়ে গেলে শাদা চাদর
জেনারেল কেবিন থেকে নিজস্ব ঠিকানা
এসব হাতে গুনে নয়
মুদ্রার ওপিঠে তোমারই হাতের ছাপ
আঙুল ফসকে পালিয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট
চার.
বোবা সময়ের বিপরীতে ফাঁকা স্টেশন
হলুদ আলোর নিচে জোনাক
কই, কোথাও কোনো আর্তনাদ নেই
ঘূর্ণি বলতে বিন্নি ধানের
ডাকটিকিটে আঠা লাগছে
দূরত্বের পাশে হাইওয়ে ও হেডমাস্টার
পাঁচ.
একটা গন্ডগোল হল
কোনো বৃত্তের পরিধি হারিয়েছে, এমন...
আইডেন্টিফিকেশন মার্কে বিন্দু জমে জল
চুঁইয়ে নামছে মিথ ও মিথ্যে
হারাবার আগেও একবার হারিয়ে যাওয়া জরুরি

0 Comments