শর্মিষ্ঠা বিশ্বাস এর কবিতা





 চর্যাচর্য


চর্যাপদ -এর সন্তানসম্ভবা  
হরিণী দেখে এলাম 
আদিনা ডিয়ার ফরেস্টে।
বর্ষার কালো যন্ত্রণার আকাশ
উপুর হয়ে আছে ওর নাভিমন্ডলে।

জঙ্গলের লতাগাছ তো গাছ নয়
যেনো
নারীর জরায়ুমুখ চেরা অজস্র সত্যির উপকথা।

নির্বিকার অরণ্যের দেবতা। 

ধাত্রীবিদের মতে---
কবেকার জন্মানো 
কাহ্নপাদ 
বাংলার কিশলয় 
এখন
ঘাস খাচ্ছে  
হরিণীর গর্ভে।
-----------

চিরবসন্ত 


মুনির জটাজাল তপঃক্লিষ্ট তপ্ত দাহ।। 

আকাশের গৈরিক বিভঙ্গে খানখান গ্রীষ্ম সকাল।

ছেড়ে যাওয়া জাহাজের দেওয়ালে দেওয়ালে
ক্যাপ্টেনের কম্পাস বলছে -
পদ্মা নামের মেয়েটি 
যমুনা পাড়ে দাঁড়িয়ে তমালের সাথে তোলা 
সেলফি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। 

পৃথিবীর নেটনগরে 
আজ
চিরবসন্তকাল।।



রাহুল সাংকীর্তায়ন

বিষয়-আশয় বিশ্লেষণপূর্বক 
অতঃপর 
নৌকাটি আমিই।
 
আমার
ছেড়ে যাওয়া শরীরের সর্বাংশে 
আজ
এস্রাজের তারে তারে
রাহুল সাংকীর্তায়ন ।। 


আফ্রিকায় দেখা হলে

রাত হয়েছে বেশ।
কাছিমের বেশে
যে দিন
ডিম পেরে 
বালি চাপা দিয়ে রেখে চলে গেছে
পোর বন্দরের দিকে!
আফ্রিকায় দেখা হলে
হাতে হাতে
দিয়ে দিতাম
সুতোর ডান্টিতে বাঁধা
ডান্ডি অভিযানের চশমাটিকে।



 হ্যারিকেন

হ্যারিকেন-এর সলতের মাথায় কাঠবিড়ালি 
সরসর করে উঠে গেলো।

নিভন্ত আলোতে 
আজ
নৈশভোজের এই আয়োজন। 

মনু
কিম্বা
রাজা শান্তনুর ঘরে 
কন্যা রাশি 
ঘুটের ধোঁয়াতে
সোনালি চুল শুকোচ্ছে। 

দপ্ দপ্ শব্দে জলবায়ু ডানা ঝাপটে
এঘরেই 
কোথাও
কাঠবিড়ালির লেজের হাড় থেকে 
হ্যারিকেন ঝড় হয়ে গেলো।   


Post a Comment

0 Comments