হাসনাহেনা রানু'র কবিতা



নৈঃশব্দ্যের গহীনে



খুব নির্জন সকালে ঘুম ভেঙ্গে ভেবেছি
তোমাকে ভালবাসব _
শেষ বিকেলের রূপালি পাড়ে নিঃশব্দে নিবিড় অরণ্যে হাঁটতে হাঁটতে ভেবেছি ,
তোমাকে ভালবাসব:
কুহেলী রাতের স্বপ্ন ডানায় মাথা রেখে বিশ্বাসী ছায়ায় শুভ্র জ্যোৎস্নায় ভিজতে ভিজতে ভেবেছি,
তোমাকে ভালবাসব _


সারাদিন রাত ভেবে ভেবে কাটিয়েছি সময়
অথচ তোমাকে_ ভালবাসা হয়নি এতটুকু,
বড় আয়োজনে তোমাকে ভালবাসতে চেয়েছি -
দিনের শেষে,
রাতের শুরুতে
নৈঃশব্দ‍্যতার গহীনে ডুবতে ডুবতে,
হলো না  ...!

একটা গান লিখেছি তোমায় নিয়ে
একটা প্রেমের কবিতা লিখেছি তোমার নামে,
জানি না কি করে -
চিন চিন বিষ ব্যথায় পিষে
দু' মুঠো কষ্ট বেড়ে গেল
এ বুকে -
বদনাম হয়ে গেলো তোমার জন্য
অথচ তোমাকে ভালবাসতে পারিনি
একতিল -

বুকের ডিভানে গড়ে তুলেছি তিল তিল স্বপ্নে ভালবাসার তাঁতে বোনা
একখানি সবুজ ব- দ্বীপ ;
সে দ্বীপ ছুঁয়ে আছে,
আমার নন্দিত সময়
আমার ভালবাসা..
স্বপ্ন বলো,
পুস্পের ঘ্রাণ বলো সবই আছে
শুধু প্রিয় মুখটা নেই -  ।

ঘুমহীন কত কত রাতে,
গভীর ব্যথার অনুরাগে হারাতে হারাতে
কত যে ভেবেছি
তোমাকে ভালবাসব ,
এই খানে অঘ্রাণের বেলাশেষে
তোমাকে ভালবেসে বেসে
সাজাবো স্বপ্ন কুসুম :
মনের আঙিনায়, ভরা পূর্ণিমায় স্বপ্ন শুসময়
প্রিয় মুখ এঁকে নেব
সন্ধ্যার স্নিগ্ধ আবীর রঙের মেঘে   ।


নিঃসঙ্গতার পাড়ে একা এই আমি দাঁড়িয়ে
নৈঃশব্দ্যের দেয়াল ভেঙ্গে ভেঙ্গে
আমি তোমাকে ভালবাসব,
তোমাকে ভালবাসতে যত দিন সময় লাগে
আমি অপেক্ষা করবো
তোমাকে শোনাব আমার প্রিয় কথা
ভালবাসি ;
আমার যত গল্প আছে তোমাকে শোনাব
আমার সব স্বপ্নে তোমাকে রাঙাবো
আমার লাল,সবুজ ভালবাসার রঙে তোমায় সাজাবো
কথা দিলাম,
বেলাশেষের পড়ন্ত বেলায় ডুবতে ডুবতে
হলে ও কী ভীষণ তোমায়,
একদিন ঠিক ঠিক ভালবাসব--!

Post a Comment

0 Comments