নিরর্থক কারুকার্য
*
আমি অসময়ে চলেছিলাম জলের প্রতিচ্ছবিতে.
পাশ ফিরে কখনও লক্ষ্য করিনি বাস্তবতার গান,
স্বার্থের অশ্লীলতা কিংবা সংসারের টান। আমি
দৃষ্টি রাখিনি সংবিত ফিরে পাবার চেতনায়, লক্ষ্য
করিনি অশোকলতার আবিলতা। দু’পাশের সবুজ
নেশার মধ্য দিয়ে মন নদীতে খেয়া বেয়ে কোথায়
চলেছি! স্বননে নেই কোন উত্তর ....আছে শুধু
সংকেতের আহবান, এগিয়ে চলো....এগিয়ে
চলো বহুদূর সমুদ্দুর....।
চোখের পাপড়িতে নেই কোন ক্লান্তির নেশা
শুধু জিজ্ঞাসার অবগাহনে আমি অস্তাচল ফিরি
আত্মার বিমুগ্ধতায়। অনন্ত এ এগিয়ে চলার
আছে কি কোন সীমারেখা !
ঘুড়ি
*
ঘুড়িগুলো উড়তে যেয়ে বারবার শূন্যতায় ঘুরপাক খাচ্ছে,
কোথা যেতে চেয়ে যেন এসে পড়ে লাটিম ঘুরানোর বৃত্তে।
সমুদ্রের প্রশান্ত উদারতা দেখে খেলা করে ঢেউ নৃত্য,
বালির ভেতর লুকানো থাকে অচেনা নগরের পথ।
আসলে ঘুমিয়ে পড়ার মধ্য দিয়ে শুরু হয় সব
ঘটনার পুনঃরাবৃত্তি, বর্তমান হয়ে যায় ঘটমান
ইতিহাস। ঘুড়ি আবার উড়তে থাকে.....।
অবসর
*
মশারির ভেতর ক্লান্তিতে জবুথবু পড়ে আছে বিবর্ণ
অবসর। স্মৃতিহীন নাটাই অচেনা রূপ-মুখর বিভুলা
আকাশ। নেই কোথাও নেই, সেই ত্রিকাল ঘুড়ি---
রূপালি রং প্রিয় ছিল যার। অস্ফুট হিমানি নেশা
আড়ষ্টতা ঢেকে আনে ; যতদুর চোখ যায় : তত
দুর যেন এক বৈকালিক যাত্রামঞ্চ।
গাঢ় গহীন তুষারের তলদেশে অবসর এক প্রাক-শীতল
নিদ্রার আতুড় ঘর। কেউ নেই- কেউ ছিল না, আছে
শুধু অহোরাত্র রক্ত শীতল কার্তুজ কটেজ। পায়ে
পায়ে চলার পথ মহাকাল পাড়ি দেয়। মানুষ মিলিয়ে
যায় আসবাবের কারুকার্যে।
অবসর পান করে শরীর হয়ে পড়ে জনশূন্য
রাজপথ। আসলে অবসর-ই সময়ের নি:সঙ্গতার
প্রতীক। অর্থহীন চলমানতার অবয়ব ভেঙ্গে
স্থির প্রাজ্ঞ কংকাল হয়ে দাঁড়িয়ে থাকে
অজরামর অবসর।
কে তুমি
*
ঘাসের ঘুম স্তন লাবণ্য-স্বপ্নে তৃষ্ণার মিছিল পান করে
যে বেঁচে ছিল মর্মর আহ্লাদে প্রবাল প্রাচীনতা জড়িয়ে
নিবিতা, তুমি আছো অথচ মরে গেছে তোমার প্রতিশ্রুতি
বিম্বিত দর্পণে যাকে দেখো সে কি তুমি না ছায়ার ভ্রষ্টতা !
বিবসনা বিভ্রম
*
প্রতিটি বিশ্বাসের ভেতরে থাকে ছলনার মায়াজাল, শরীরী
কুয়াশা ভেদ করে যে প্রপঞ্চ এগিয়ে আসে ....হতে পারে
তা বরফের ছুরির মতোই প্রাণ বিনাশী। কত প্রহর কত-
কাল পরে যে, অবিশ্বাসের বালির ঘর ভেঙ্গে পড়ে তার
খবর বা কে রাখে! তারপরও কেউ কেউ বেঁচে থাকে
বিশ্বাসের স্বাপ্নিক মালভূমিতে.....।
অঙ্গার হওয়া হৃদয় বুঝে গেছে বহু পরে.... বিশ্বাসের
সমার্থক , গহীন খাদে যার কেন্দ্রভূমি। অবিশ্বাসই
বেঁচে থাকার সান্ত¦না জোগায়: যেখানে নেই কিছু
হারানোর বিভাবনা।



0 Comments