মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল এর তিনটি অনুবাদ কবিতা

 

Three translated poems by Muhammad Asraful Alam Sohel

নিঃসঙ্গতার প্রতি

কবি: জন কিটস 


হে নিঃসঙ্গতা! 

যদি আমাকে তোমার সাথেই বাস করতে হয়, 

তা যেন ঝাপসা দালানকোঠার জটলাপূর্ণ স্তূপের মধ্যে না থাকে;

আমার সাথে চড়ো সেই খাড়া পথে,

প্রকৃতির মানমন্দিরে— যেখান থেকে উপত্যকা,

এর পুষ্পময় ঢাল, এর নদীর অচ্ছ ঢেউ, 

মনে হতে পারে এক বিঘত; 

আমি তোমার প্রহরা পালন করি

বৃক্ষশাখায় ঘেরা চাঁদোয়ার মধ্যে, 

যেখানে হরিণের ক্ষিপ্র লাফে 

শেয়াল মোজা ঘণ্টা ফুল থেকে বুনো মৌমাছি চমকে ওঠে ।

কিন্তু যাই হোক আমি সানন্দে তোমার সাথে এই দৃশ্যগুলো খুঁজে বের করব, 

তবুও এক নিষ্পাপ মনের মিষ্টি আলাপ,

যার কথাগুলো পরিশীলিত চিন্তার প্রতিচ্ছবি,

এটিই আমার আত্মার তৃপ্তি; 

আর নিশ্চয়ই তা হবে মানবজাতির প্রায় সর্বোৎকৃষ্ট পরমানন্দ,

যখন দুটি সমমনা আত্মা তোমার সান্নিধ্যে চলে যায় । 




সুন্দর রাত 

কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে

জার্মান থেকে ইংরেজি অনুবাদ: জন ফ্রেডেরিক নিমস


এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির

ছেড়ে চলে যাচ্ছি; 

অন্ধকারের মধ্য দিয়ে, গোপনে, 

এক বিষণ্ণ নীরবতার মধ্যে,

গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।

যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,  

মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;

ভূর্জবৃক্ষরা নতজানু হয়; 

তারা সুগন্ধ ছড়ায় মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।

এত সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ! 

কি নিস্তব্ধতা! 

অনুভূতির অন্তরাত্মা অকথ্য আনন্দে মেতে ওঠে ।

পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,

নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,

তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করব,  

তার সাথে এক রাতের জন্য । 



অনুপস্থিতি 

কবি: পাবলো নেরুদা 


আমি সবেমাত্র তোমাকে ছেড়ে এসেছি

তুমি যখন আমার ভিতরে প্রবেশ করো, 

স্ফটিকের মত,

না হয় কম্পিত হয়ে, 

কিংবা অস্বস্তিতে, আমার দ্বারা আহত হয়ে 

নয়তো প্রেমে অভিভূত হয়ে, 

ঠিক যখন তোমার চোখ বন্ধ হয়  

জীবনের সেই উপহারের উপর

যা আমি তোমাকে নিরন্তর দিয়ে যাই ।

আমার ভালোবাসা,

আমরা একে অপরকে খুঁজে পেয়েছি 

তৃষ্ণার্ত হয়ে আমরা 

সমস্ত জল আর রক্ত পান করেছি, 

আমরা পরস্পরের দেখা পেয়েছি

ক্ষুধার্ত হয়ে আমরা 

একে অপরকে দংশন করেছি 

আগুনের দংশনের মত,

আমাদের মধ্যে ক্ষত রেখে যাচ্ছে ।

কিন্তু আমার জন্য অপেক্ষা করো,

তোমার মাধুর্য আমার জন্য রেখে দিও ।

আমিও তোমাকে দেবো

একটি গোলাপ । 

Post a Comment

1 Comments

  1. শুভ সকাল!
    আজকে জনপ্রিয় বামিহাল অনলাইন সাহিত্য পাতায় জগদ্বিখ্যাত কবি জন কিটস, জোহান ভোল্ফগাং ফন গ্যেটে ও পাবলো নেরুদার জনপ্রিয় কবিতাগুলো (আমার অনূদিত) প্রকাশিত হওয়ায় সম্মানিত সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

    ReplyDelete