রত্না মাহমুদা'র "ভালোবাসার আহাজারি" ও অন্যান্য ৯ কবিতা

 

রত্না মাহমুদা'র "ভালোবাসার আহাজারি" ও অন্যান্য ৯ কবিতা


ভালোবাসার আহাজারি 


কতটা অসহায় হলে মাথা নত হয়,

কতটা কষ্টে মানুষ একা হয়ে রয়।

কতটা আহাজারি মায়ায় বেঁধে রাখে,

হৃদয়ের শূন্যতা চোখে জল ঢাকে।


কতটা ব্যথা হলে স্বপ্ন মরে যায়,

কতটা নিঃশ্বাস শুধু দীর্ঘ হয়ে রয়।

কতটা নিঃসঙ্গতা পথের সাথী হয়,

তবু বেঁচে থাকা—এ এক নীরব ক্ষয়।



প্যারিস প্রেম


প্যারিসের আইফেল আছে, আমার আছে তুমি। মাঝে মাঝে  ইনবক্সে টুংটাং বেজে ওঠে প্যারিসের ছবি।সবুজ গাছের, আলতো ছোঁয়া রোদের মায়ায়, ভাবছি বসে এই বাংলায়! কবে যাব প্যারিস। আঁকবো ছবি জীবনের। আঁকবো ছবি প্রেমের। একটা হীরের উৎসব, একটা হীরের আংটিবদলের স্বপ্ন নিয়েই তো বাঁচি হররোজ।প্যারিসেও আতংক,প্যারিসেও হোক তোমার আমার যত কলংক।  প্যারিসের আইফেল সাক্ষী হয়ে থাকুক প্রেম নিবেদিত দলিল।প্রেমেই বাঁচো, প্রেমেই মরো, হে  তুমি অভ্রনীল। 




এক মুঠো ভালোবাসা চাই 


তোমার নীরবতার বিনিময়ে

একটি করে কাঠগোলাপ দিও

অবিকল তোমার মতো,

নিঃশব্দ অথচ সুগন্ধে ভরা।

তোমার নীরবতার শহরে

সে ফুলের সুবাস মেখে

আমি ধীরে ধীরে ডুবে যাব

শব্দহীন এক অন্তর্লোকে,

যেখানে উচ্চারণেরও প্রয়োজন নেই।

তোমার নীরবতা ছুঁয়ে

আমার সব কথারা থেমে যাবে,

শুধু অনুভবেরা জেগে থাকবে

অলক্ষ্যে, অভ্রনীলের মতো স্বচ্ছ।

কারণ খোদা তো নীরব থাকেন

তাঁর নীরবতার গভীরতায়

সমস্ত প্রার্থনার প্রতিধ্বনি লুকিয়ে থাকে।

আমি সেই নীরব খোদার কাছে

এক মুঠো ভালোবাসা চাই



বিনয়ী অভ্রনীল 


যে পুরুষ নারীর রাগে কোনো প্রতিবাদ তোলে না,

তার নীরবতার ভিতরেই থাকে সবচেয়ে গভীর ভালোবাসা। কিনতু নারীর নীরবতাকে সে ভয় পায়-

হারিয়ে ফেলার ভয়, ভেঙে যাওয়ার ভয়, নিঃশব্দে সম্পর্ক গলে যাওয়ার ভয়।এমন পুরুষ সাত জন্মের প্রতিজ্ঞারও বেশি করে ভালোবাসে-নারী তখন হয়ে ওঠে তার বিশ্বাসের আলো-তার সবচেয়ে অর্জিত সৌভাগ্যের নাম।

কিন্তু যে নারী দূরত্বকে ভুল বোঝে,

অভিমানকে ভাবে অবহেলা-সে নিজের অজান্তেই হয়ে ওঠে হতভাগিনী। কারণ প্রেমের সব কথা মুখে বলা যায় না, অনেক ভালোবাসা শুধু নীরবতার ভাঁজে লুকিয়ে থাকে।যে নারী সেই নীরব ইশারাগুলো পড়তে পারে, সে জানে-এক নীরব পুরুষের হৃদয়ে

কত স্বচ্ছ, কত অনন্ত ভালোবাসা জ্বলে।



শত সহস্র আবদার 


অপলক চেয়ে থাকা।

নিরবে খুন হওয়া-

ভালোবাসার আরেক

নাম  অভ্রনীল। 

অবুঝ সময় -নির্বোধ মন

ক্ষত- বিক্ষত হৃদয় আঁকে 

প্রেমের রংপেন্সিল। 

অপলক চেয়ে থাকা

পাশাপাশি বসে থাকা

নিরবে কথা বলা 

ভালোবাসার আরেক 

নাম শুভ্রনীল।

পদ্মপুকুর -লাল শিমুল

পাখির সুরে প্রেমগীতি 

পায়রার ঠোঁটে প্রেমপত্র

উড়ে বেড়ায় নীলাকাশে।

ভালোবাসার আরেক 

নাম তুমি অভ্রনীল। 

যে পথ তোমার ছিল

সে পথ আমার হল 

তোমার সে পথের কাছে 

শত-সহস্র আবদার আমার।


যে জীবন তোমার ছিল 

সে জীবন আমার হল 

তোমার সে জীবনের কাছে 

শত- সহস্র অধিকার আমার।


ভালোবাসার আরেক নাম অভ্রনীল



কাঠগোলাপের প্রেমপত্র


পুরুষের ভালোবাসা নীরবতায়

নারীর ভালোবাসা চঞ্চলতায়!

অভ্রনীল তুমি চোখের পাতায়

আঘাতের সমুদ্রে ডুবে মরো

নীরবতাকেই  আলিঙ্গন করো।

চিঠির খামে কাঠগোলাপের পত্র


মিথ্যার দোষ ধরতে গিয়ে 

সত্যকে পিষিয়ে মারো!

সত্য সুন্দর -সত্য প্রেম 

মিথ্যা তুমি দূরে থাকো 

প্রকৃতির নিয়মে চলছে 

তোমার- আমার জীবনপথ!

তোমার কাঠগোলাপের পত্র

রোজ আমায় মাতিয়ে তুলে

তোমার আমার প্রেমগদ্য

প্রেমগদ্য -প্রেমপদ্য প্রেমেতেই 

ডুবে থাকি, ভুল ভাঁজে লুকিয়ে 

থাকে মুগ্ধতার অবশিষ্ট।। 

যে সময় তোমার ছিল 

সে সময় আমার হল।

তোমার সে সময়ের কাছে 

শতসহস্র আবদার আমার!! 



পথের অধিকার 


যে পথ তোমার ছিল 

সে পথ আমার হলো

তোমার সে পথের কাছে 

শত -সহস্র আবদার আমার 


যে সময় তোমার ছিল 

সে সময় আমার হলো 

তোমার সে সময়ের কাছে 

লক্ষ-কোটি অধিকার আমার




প্রেমের গন্তব্য 


কোজাগরী নিশি,জ্বলে জোনাকি,কাঁদে এই আখি,বোহেমিয়ান প্রেম বারবার ফিরে যায় শতাব্দীর সমকালে। 

যাযাবর জীবন, অচেতনে গেয়ে যায়,আখি ছলছল হায়,বোহেমিয়ান প্রেম ঘুরেফিরে একই পথে চলে 

বারবার। 

অবুঝ সময়, অস্থির মাতৃভূমি, এখানে লাশ, ওখানে লাশ,বোহেমিয়ান মানুষ কত ছলাকলায় প্রেমহীন গন্তব্যে প্রেম খোঁজে হায়!



অভ্রনীলের অভিমান


আমি লাবণ্য হতে চাইনি কখনো

চেয়েছিলাম হেনরিয়েটা হতে,

বা হয়তো হাসকেলার, 

যারা ভালোবাসে নিজের মতো করে,

অপূর্ণ অথচ সত্য।

এখন আর কিছুই তোমার নেই তোমার

সবই যেন আমার অনুভবের ভেতর বন্দি,

তুমি অভিমানে মুখ ফিরিয়ে থাকো

আমি তবু ভালোবাসায়

বারবার তোমায় নিবেদন করি।


২৮.০৪.২০২৬

Post a Comment

0 Comments