মৌসুম মনজুর এর কবিতা ‘শীতার্ত কথোপকথন’

 

Mousam Manzoor's poem 'Winter Conversation'


শীতার্ত কথোপকথন

 

আইজ ফুটপাটত ঠান্ডা পইড়ছে বাহে ৫ ডিগিরি।

থরথর করি কাঁইপতেছে হাত পাঁও,

পানি পইড়ছে য্যানো আসমান থাকি।

 

ছ্যাড়া খেতায় শীত মানেনা

আগুন পোঁহাই হাড়া আইত, কাজ কাম নাই,

কী খায়া বাঁচিম? ছাওয়াটা ভোকে ছটফট কইরছে

বুড়াটা বোধহয় মরি গেইছে 

 

এক ফোটা চাউল নাই। কোনঠে কম্বল দ্যায়?

কোনঠে দেয় ইলিপ? ওহ বাহে, কইবার পারেন ?

 

ঠান্ডায় কাইশতে কাইশতে জানটা শ্যাষ,

অফিসের বারান্দায় শুইলে দারোওয়ান পিটায়।

পুলিশ উৎপাত করে প্লাটফরমে, বাহে,

কালকে কি অইদ উঠবে ?

 

হামাক একনা কাড করি দিমেন, বুড়াটার জন্য ? 

বয়স্ক ভাতা ? না হয় কয়েক গজ পলিথিন ?

হাড়া আইত যেনো গাওত পানি পড়ে; 

                                  টুপটাপ, টুপটাপ !

 

আইজ বাতাস বাইড়ছে বাহে।

ঠান্ডা পইড়ছে ৪ ডিগিরি, গাড়ি গুলা যখন যায়

বুকের ভিতর ধকধক করি ওঠে ।

 

কাইনতে কাইনতে ছাওয়াটা ঘুমাই গেইছে ।

না খাইতে না খাইতে বুড়াটা হইছে কংকাল

একনা গরম কাপড় দিমেন বাহে?

 

আইজ ফুটপাটত ঠান্ডা পইড়ছে ৪ ডিগিরি।

বাহে। ফটক তোলা বন করেন, বাদ দেন প্যাঁচাল

কন, একখান কাপড় দিমেন?

 

আ-ল্লা-হ-গো, কাপড় আর নাইগবে না--

বুড়া আর নাই ----।

Post a Comment

0 Comments