আমন্ত্রণ
আমগো বাড়ি প্রিয়কাটি আড়িয়াল খাঁ’র পাশে
হেই হানেতে অভিজিৎ দাস খুল্লু খুল্লু কাশে।
ভয় না পাইলে আইতে পার দাওয়াত রইল কাইল
রাইন্ধা রাহুম পুঁটি ভাজা, চেঁপা শুটকি, ডাইল।
খুঁইজ্যা যদি না পাও বাড়ি কি কবো আর, পরি
সূর্য যে দিক হেলান দিবো হেদিক ছুটবা ধরি।
পথের মইধ্যে দেখবা তুমি ভৃগুরাজের ফুল
শুইয়া আছে মাটির লগে বেলি-জুঁই ও বকুল।
দূরেত তনে দেখা যায় যে, বট-পাকুড়ের ঝুরি
তার থাইক্কা বিশ কদম দূরে পাইবা এক বুড়ি।
সেই বুড়িটা মাঁচায় বইসা খায় যে পানের খিলি
দুষ্টরা সব গোল হইয়া এক, মাথায় কাটে বিলি।
যত্তই জিগাও কইব না সে মুখেই কুলুপ আঁটা
খই-বাতাসা লইয়া যাইয়ো সঙ্গে পানের বাঁটা।
দেখবা তুমি হেই খুশিতে লইয়া যাইব বাড়ি
হাঁটতে হইব আর কিছু দূর, তালের সারি সারি।
তালের সারি পরেই যাইবা খেঁজুর গাছের গাঁয়
হেই হানেতেই আমার বাড়ি; ডাকবে ময়না, আয়।
যত্তই ডাহুক ময়না পাখি যাইবা না তার কাছে…
এই পিত্থিবী মায়ার জগত পড়বা ক্যান তার পাছে!

0 Comments