শিশির আজম এর রোকেয়া ও অন্যান্য কবিতা

Poetry of Shishir Azam


রোকেয়া


তোমার নাম যদি রোকেয়া হয়ে থাকে তাহলে আমি লিখে দিচ্ছি
তুমি খুন হয়ে যাবে
আজ অথবা কাল
যখন বেগুনী রঙের আগ্নেয়গিরিটাকে ভালবেসে ফেলেছ
আর উত্তর খুঁজছো মানুষ আর ফার্নিচারের ভেতর যৌক্তিক সম্পর্কটা কেমন
হ্যা
তুমি খুন হয়ে যাবে
কেন
কে খুন করবে
রাষ্ট্র সমাজ পরিবার ইতিহাস মিথ টেলিভিশন সবাই ওৎ পেতে বসে আছে
তোমাকে খুন করবার জন্য
সবাই
যে কোন প্রতিষ্ঠান
কেন না এর সঙ্গে ক্ষমতা আর শোষণের ব্যাপারটা সম্পৃক্ত
আর তোমার রক্ত খেয়েই তো আজ ওরা এতো হৃষ্টপুষ্ট
আর শক্তিমান
তেমার রক্ত
তেমার বকুলগাছ
তোমার অর্ধেক আঁকা সূর্য
বিস্মিত হয়ো না
জেনে রেখো মানুষ মূলত আত্মহত্যাপ্রবণ এক জীব






খাঁ সাহেবের ভায়োলিন


একটা ভায়োলিনের দাম কিন্তু বেশি না
হ্যা
আমি একটা কিনতে চেয়েছিলাম

ভাল মানের একটা ভায়োলিনের দাম কত
জিগ্যেস করলাম আলাউদ্দিন খাঁকে

তুমি বরং কবিতাই লেখ
ভায়োলিন কেনা তোমার ঠিক হবে না
খাঁ পরামর্শ দিলো

খাঁ আমার বন্ধু মানুষ
সজ্জন
একটু একগুঁয়ে
কিন্তু আমারও জিদ চেপে গেল
তাহলে বরং তোমারটাই আমাকে দাও
বললাম খাঁকে

ওটা আমি পুড়িয়ে ফেলেছি
বললো খাঁ
ভায়োলিন বেশিদিন কাউকে বাঁচিয়ে রাখে না





দেশের সত্যিকার মানচিত্র


শিক্ষক কীভাবে শেখাবেন ছেলেমেয়েদেরকে মানচিত্র অঙ্কন
দেশের
দেশ সম্পর্কে উনি কতটা জানেন শিক্ষক ভাবেন
দীর্ঘদিনের দাসত্ব
জন্ম
বেড়ে ওঠা
হ্যা কতটা বড় হয়েছে তার দেশ আর সুশ্রী
আর আত্মপ্রত্যয়ী
অসংখ্য নদী আর শিরাপোশিরা আর সমুদ্র আর দুষণ
আর আত্মহত্যাপ্রবণতা
শিক্ষক ভাবনায় পড়ে যান
কীভাবে আঁকবেন তিনি তার দেশের মানচিত্র
অনিশ্চয়তা
আশঙ্কা
আর সংশয় কী শেখাবেন তিনি ছেলেমেয়েদেরকে
তার দেশের সত্যিকার মানচিত্র কেমন
এ কি তিনি জানেন






ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের কাজ কী


ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের আয়ু সম্ভবত ফুরিয়ে এসেছে
কেন না ওখানকার মাটি বায়ু জল এখন যথেষ্ট বিষাক্ত
বিষাক্ত মানে বিষাক্ত
আবার ওকিনাওয়া এমন এক দ্বীপ
যা মার্কিনি স্বাস্থ্যের জন্য উপাদেয়
আর আপনারা জানেন কাক কাকের মাংস খায় না
এক্ষেত্রে একটা বিভ্রম জাগতে পারে
কিন্তু মনে রাখা দরকার টোকিও-ওয়াশিংটনের রুচিতে-প্রকৃতিতে
প্রভেদ নেই
প্রভেদ থাকে না
বাহ্যিক বৈসাদৃশ্য যা দেখা যায় বা দেখানো হয়
তা ধাঁধা
তা প্রতারণা
যা হোক প্রশান্ত মহাসাগর এমন ছোট কিছু না
আর দ্বীপ ওকিনাওয়া
ওর নিজের কিছু তো বলার আছে
ওর সূর্য আছে
গাছ আছে
আছে সমুদ্রের ঢেউয়ের ওঠানামা
হ্যা
আগ্নেয়গিরি আছে
আগ্নেয়গিরির কথাটা সম্ভবত টোকিও আর ওয়াশিংটন
দুজনই ভুলে গেছে






পাখির দেশ


তুমিই আমার বাবা
তুমিই আমার দেশ
তুমি বলেছিলে সাইবেরিয়া অনেক দূর
সেখান থেকে যারা আসে
তারা ফিরে যায় না
সেখানে যারা যায়
তারা ফিরে আসে না
পাখিরা ছাড়া
আমরা দুজন তবে পাখি হয়ে যাই
বাবা তুমি পাখি
আমিও পাখি
শান্তালুসিয়ায় 
আমরা বাসা বাঁধি

Post a Comment

0 Comments