শরৎ বরণ
একটা শুকনো অভিমান
বুকে নিয়ে ঘুমিয়ে রয়েছে বর্ষারাত
দুয়ারে দাঁড়িয়ে নতুন
দিনের অপেক্ষায় শরৎকন্যা
পরনে তার নীল জমিনে
গুচ্ছ সাদা মেঘফুলের শাড়ি
দীঘল বেণীতে ঝরা বকুলের
মালা
আঁচলে জড়ানো শতেক জুঁই
চামেলি কামিনী কেয়ার মাতাল ঘ্রাণ
শিশিরভেজা শিউলি বিছানো
পথ ধরে
হেঁটে এসেছে সে
কাশবনের শুভ্রতায়
মিলেমিশে একাকার হতে চাইছে বাউল বাতাস
আকাশগঙ্গায় ভাসাতে
চাইছে রূপোলি জোছনার সাম্পান।
আর দেরী কেন তবে?
কেনই বা বিগত দিনের না
পাওয়ার হাহাকার?
পেছনে পড়ে থাক বিষাদ
স্মৃতিবৈভব
বন্ধ হোক পুরোনো
হিসেবের দীর্ণক্লান্ত খতিয়ান
নতুনের আগমনী সঙ্গীতে
বরণ করে নিই তারে আপন গৃহকোণে
ডেকে নিই তারে আজি
শরতের প্রথম প্রত্যুষে।

0 Comments