আমি ইচ্ছেগুলি পাশে নিয়ে শুক্রবারের কফি পান করি।
স্বাধীনতাকে মূল্যায়ন করি
প্রতি সপ্তাহে
অভিযোজিত করে,
ইজি চেয়ারে ঘুরে ঘুরে স্বপ্নগুলি
ঝালাই করি।
তোমার ভালোবাসা
শরতের ভোরের শিশির
ইচ্ছেগুলিকে বন্য করে।
স্বপ্নগুলি কল্পনাকেও
পেরিয়ে যেতে চায়
শুক্রবারের কফির ধোঁয়ার
ভিতর দিয়ে।
জয়-পরাজয়
গোধূলিতে হঠাৎ-হঠাৎ গুলির শব্দ।
বাতাস আছে
বাতাসে ছাইও আছে
আতঙ্কও আছে
বিকৃত যুদ্ধে বর্বরদের জয়।
বঞ্চনা-বৈষম্য, ঘাম ও রক্ত পরাজয়ের চরমশত্রু।
দূরতম সীমান্ত দিয়ে হঠাৎ-ই জয় এসে দাঁড়ায়
পরাজয় পালায়।
আমি বলি গোলাপ, ওরা বোঝে আপেল
আমি গোলাপ বললে ওরা আপেল বোঝে
আমি ভোরের কথা বললে ওরা গোধূলির কথা ভাবে
সমুদ্র দেখানোর কথা বললে গলিতে নিয়ে যায়।
আমার নাকে খণ্ডিত ঘ্রাণ
আমার গলায় নম্র লালা।
এখানে কোনো স্থান আর অবশিষ্ট নেই
শুধু একটিই রাস্তা
এখানে মৃত্যুর চেয়েও ভবিষ্যৎ বেশি অন্ধকার।
তবুও আমার শরীরে ফুলের গন্ধ রেখেছি
আমার কণ্ঠে সুবাস মেখেছি।
আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক
ইমেইল: abuafzalsaleh@gmail.com

0 Comments